চুয়াডাঙ্গার দামুড়হুদায় দু’টি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠান দু’টিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শাহীন আলম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে জেলার দামুড়হুদা উপজেলা সদরের রিশা ডায়াগনস্টিক সেন্টার ও শোভা ডায়াগনস্টিক সেন্টারে যৌথ অভিযান পরিচালনা করে দামুড়হুদা উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগ।
এ সময় সেবা প্রদানকারীর অবহেলা, দায়িত্বহীনতা ও অসতর্কতার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে শোভা ডায়াগনস্টিক সেন্টারের মেডিক্যাল টেকনোলজিস্ট মেহেদী হাসানকে (৩৪) ১০ হাজার টাকা ও রিশা ডায়াগনস্টিক সেন্টারের মেডিক্যাল টেকনোলজিস্ট ওমর ফারুককে (২৫) পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহযোগিতা করেন দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: মশিউর রহমান।



