সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকা থেকে প্রায় ছয় লাখ টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও মোটরসাইকেলসহ সাগর মিয়া (২০) নামে এক যুবককে আটক করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)।
শুক্রবার (১৫ মে) বিকেলে উপজেলার বিরেন্দ্রনগর বিওপির টহলদল বিরেন্দ্রনগর এলাকা থেকে তাকে আটক করে।
আটক সাগর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বড়ছড়া গ্রামের মো: রহম আলীর ছেলে।
বিজিবি জানায়, সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮বিজিবি) অধীনস্থ বিরেন্দ্রনগর বিওপির বিশেষ টহলদল অভিযান চালায়। এ সময় অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে মোটরসাইকেলে করে ১৮৯০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ বাংলাদেশে ফেরত আসার সময় বিরেন্দ্রনগর এলাকা থেকে সাগরকে আটক করা হয়। জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের মূল্য পাঁচ লাখ ৬৭ হাজার টাকা, মোটরসাইকেলের মূল্য এক লাখ টাকা এবং হেলমেটের মূল্য এক হাজার টাকা। এসবের সর্বমোট সিজার মূল্য ছয় লাখ ৬৮ হাজার টাকা।
সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির এর সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত আসামিকে ইয়াবা ট্যাবলেট ও মোটরসাইকেলসহ তাহিরপুর থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা নজরদারিসহ টহল তৎপরতা জোরদার করা হয়েছে।



