আলফাডাঙ্গায় ছেলের কোদালের কোপে মায়ের মৃত্যু

বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৯টার দিকে উপজেলার বানা ইউনিয়নের পণ্ডিত বানা গ্রামে এ ঘটনা ঘটে।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Alfadanga

ফরিদপুরের আলফাডাঙ্গায় পারিবারিক কলহের জেরে এক যুবকের কোদালের কোপে তার মায়ের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৯টার দিকে উপজেলার বানা ইউনিয়নের পণ্ডিত বানা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফুলজান বেগম (৬০) ওই গ্রামের হাফিজার শেখের স্ত্রী। এ ঘটনায় অভিযুক্ত ছেলে হোসেন শেখ (২৯) পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পেশায় শ্রমিক হোসেন শেখ বিয়ে করতে চাইতেন। তবে পারিবারিকভাবে বিষয়টি নিয়ে উদ্যোগ না থাকায় তিনি মায়ের প্রতি ক্ষুব্ধ ছিলেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল।

ঘটনার দিন সকালে হোসেন শেখের ঘরের সামনে একটি ফুলগাছের চারা রোপণ করতে যান তার মা ফুলজান বেগম। এ সময় মা–ছেলের মধ্যে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে হোসেন ঘরে থাকা কোদাল দিয়ে মায়ের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

স্থানীয়রা জানান, পূর্বের বিরোধ ও সাম্প্রতিক বাকবিতণ্ডার জেরে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযুক্ত হোসেন শেখ পালিয়ে যান।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, অভিযুক্ত যুবককে গ্রেফতারে অভিযান চলছে। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি মোবাইল ফোন ব্যবহার না করায় অবস্থান শনাক্তে কিছুটা জটিলতা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।