গাজীপুরের টঙ্গী ফ্লাইওভারের ওপর সংঘটিত চাঞ্চল্যকর ক্লুলেস মার্ডার মামলার পলাতক আসামি অর্জুন পাল (৪৩) রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-১।
নিহত রঞ্জু খা (৪৩) যমুনা ফিউচার পার্কের জিএম-এর ব্যক্তিগত গাড়ির ড্রাইভার ছিলেন। গত ১৭ মে রাত সাড়ে ১২টার দিকে তিনি মোটরসাইকেলে বাসায় ফেরার পথে টঙ্গী ফ্লাইওভারের উপর অজ্ঞাতনামা দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আক্রমণে নিহত হন। পথচারীরা তাকে টঙ্গী শহিদ আহান উল্লাহ মাস্টার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যার পর তার স্ত্রী ফারজানা আক্তার হেনা (৩৪) টঙ্গী পশ্চিম থানায় হত্যা মামলা করেন।
র্যাব-১ আসামি গ্রেফতারের জন্য দীর্ঘদিন ধরে অভিযান পরিচালনা করে। অবশেষে মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা তাকে ভাটারা থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার অর্জুন পাল চাঁদপুরের দক্ষিণ মতলব থানার গোয়ালিয়া গ্রামের মাখন পালের ছেলে।
র্যাব-১ এর সহকারি পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার) মো: পারভেজ রানা জানান, গ্রেফতার অর্জুন হত্যার কথা স্বীকার করেছে। তাকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।



