সাভারে টয়লেট থেকে যুবকের লাশ উদ্ধার

রাতে রুমের ভিতরে টয়লেটের বাহির থেকে তালা অবস্থায় দেখতে পেলে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। পরে রক্তাক্ত অবস্থায় আব্দুল হান্নানের লাশ উদ্ধার করে পুলিশ।

আমান উল্লাহ পাটওয়ারী, সাভার (ঢাকা)

Location :

Savar
মৃত আব্দুল হান্নান
মৃত আব্দুল হান্নান |নয়া দিগন্ত

সাভারের বিরুলিয়ায় টয়লেট থেকে আব্দুল হান্নান (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধারের পর ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফাহিম (২০) নামে এক ছাত্রকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ মে) রাতে ইউনিয়নের দত্তপাড়া এলাকার ওবায়দুল্লাহর মালিকানাধীন ভাড়া বাড়ি এ ঘটনা ঘটে। বুধবার সকালে নয়া দিগন্তকে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানা ও বিরুলিয়া ফাড়ি ইনচার্জ (এসআই) আল আমিন।

হান্নান কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কেরামত উল্লাহর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সংলগ্ন দত্তপাড়া গ্রামের ওবায়দুল্লাহ বাড়িতে ড্যাফোডিল ইউভার্সিটির শিক্ষার্থী ফাহিম ওই রুম ভাড়া নিয়ে থাকত। মঙ্গলবার রাতে রুমের ভিতরে টয়লেটের বাহির থেকে তালা অবস্থায় দেখতে পেলে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। পরে রক্তাক্ত অবস্থায় আব্দুল হান্নানের লাশ উদ্ধার করে পুলিশ।

লাশ উদ্ধারের পর আব্দুল হান্নানের পকেটে থাকা পরিচয় পত্রের মাধ্যমে তার আত্মীয় স্বজনদের খবর দিয়ে পরিবার লাশ সনাক্ত করেন।

হত্যার পর থেকে ফাহিম পলাতক ছিল। পরে রাতে পুলিশ তাকে ওই এলাকা থেকে আটক করেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, আব্দুল হান্নান প্রবাসী ছিলেন। বিদেশ থেকে আসার পর বেকার জীবন যাপন করছিলেন। দুই দিন আগে বাসা থেকে বের হয়ে তার আর কোনো খবর ছিল না। লাশ উদ্ধারের সময় ওই রুমে মাদকের কিছু আলামত পাওয়া যায়।

সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ আল-আমিন বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।