বাফুফে কর্তাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য পিটার বাটলারের

সংবাদ সম্মেলনে দলের প্রস্তুতিতে ঘাটতি ও বাফুফের অভ্যন্তরীণ অব্যবস্থাপনা নিয়ে নিজের জমানো ক্ষোভ উগরে দেন বাটলার। প্রশ্ন তুলেন বাফুফে কর্তাব্যক্তিদের ফুটবল জ্ঞান নিয়েও।

আফ্ফান উসামা

Location :

Dhaka
সংবাদ সম্মেলনে নারী ফুটবল কোচ পিটার বাটলার
সংবাদ সম্মেলনে নারী ফুটবল কোচ পিটার বাটলার |নয়া দিগন্ত

প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। তবে দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে ঘটে গেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। মেজাজ হারান নারী দলের ইংলিশ কোচ পিটার বাটলার। বাফুফে কর্তাদের নিয়ে করেছেন বিস্ফোরক মন্তব্য।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে উড়াল দেন আফঈদা-ঋতুপর্ণারা।

সূত্র জানায়, সংবাদ সম্মেলনে দলের প্রস্তুতিতে ঘাটতি ও বাফুফের অভ্যন্তরীণ অব্যবস্থাপনা নিয়ে নিজের জমানো ক্ষোভ উগরে দেন বাটলার। প্রশ্ন তুলেন বাফুফে কর্তাব্যক্তিদের ফুটবল জ্ঞান নিয়েও।

মূলত এতো বড় টুর্নামেন্ট খেলার আগে প্রস্তুতি নেয়ার তেমন সুযোগই পায়নি দল। গত জুলাইয়ে বাছাইপর্ব পেরোনোর পর মাত্র চারটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। সবশেষ খেলেছে গত ২ ডিসেম্বর।

গত ৪ মাসে কোনো প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ আয়োজন করতে না পারাকে বাফুফের ব্যর্থতা বলে আখ্যা দিয়েছেন বাটলার।

তিনি বলেন, ‘আমি শুধু এটাই বলব যে, যেকোনো টুর্নামেন্টে খেলার আগে আপনাকে প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতিই সব। আপনি হুট করে কিছু করতে পারেন না। আমাদের প্রস্তুতির চেয়ে লিগই বেশি প্রাধান্য পেয়েছিল। হয়তো এই বাফুফেতে সবাই ফুটবলকে সেভাবে বোঝেন না। আমার মা সবসময় আমাকে বলতেন, ‘যত কম কথা, তত কম ঝামেলা।’ কিন্তু মাঝেমাঝে নিজের অবস্থান পরিষ্কার করার জন্য মুখ খুলতেই হয়।’

বাটলার বলেন, ‘আমাদের প্রস্তুতি নিয়ে অনেক মিথ্যাচার করা হয়েছে। আমি বেশি কিছু বলব না, তবে বাস্তবতা হলো প্রস্তুতি আদর্শ মানের হয়নি। আমি কাউকে আঙুল দিয়ে দেখিয়ে দোষারোপ করছি না। আমাদের একটি পরিকল্পনা ছিল, কিন্তু সেটি কাজে লাগেনি।’

বাটলার আরো বলেন, ‘জীবনে যেমন হয়, ফুটবলও তেমন। অনেক সময় আপনি জয় আর ফলাফল দিয়ে ফাটলগুলো কাগজ দিয়ে ঢেকে রাখেন। যাহোক এখনকার বাস্তবতায় সময়ের সঠিক ব্যবহার করাটাই সবচেয়ে জরুরি। কিন্তু বিষয়টা শুধু প্রথম ১০ মিনিটে ২ গোল করা, তার পরের ২০ মিনিটে আবার ২ গোল করার মধ্যে সীমাবদ্ধ নয়। বিষয়টা হলো, এমন পারফরম্যান্স গড়ে তোলা, যেখানে বিশ্বাসযোগ্য, মানসম্মত পারফরম্যান্সের ওপর দাঁড়িয়ে ভবিষ্যৎ নির্মাণ করা যায়।’

তিনি আরো বলেন, ‘আমি লাইবেরিয়া, বতসোয়ানা, ইংল্যান্ড ও মালয়েশিয়ায় কাজ করেছি। আমি কারো হাতের পুতুল নই। যখন সবকিছু গোলমেলে হয়ে যায়, তখন সবাই বলে এটা ‘বাটলারের দোষ।’

বাটলার বলেন, ‘আমি এই দলের জন্য দায়বদ্ধ হতে রাজি, কিন্তু তার আগে লোকেদের মিডিয়ার কাছে গিয়ে মিথ্যা বলা বন্ধ করতে হবে।’