অবসরের ইঙ্গিত দিলেন নেইমার

‘এখন থেকে কী হবে আমি জানি না, আগামী বছর কী হবে তাও জানি না। হতে পারে ডিসেম্বর এলে আমি অবসর নিতে চাইব। এখন আমি বছর ধরে এগোচ্ছি। এই বছরটা সান্তোস এবং ব্রাজিল জাতীয় দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিশ্বকাপ সামনে। তাই আমার জন্যও এটি একটি বড় চ্যালেঞ্জ।’

নয়া দিগন্ত অনলাইন
নেইমার
নেইমার |সংগৃহীত

চলতি বছরের ডিসেম্বরে অবসরে যেতে পারেন বলে মন্তব্য করেছেন সান্তোসের ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার জুনিয়র। তার আগে শেষ নৃত্যটা ২০২৬ ফুটবল বিশ্বকাপে দেয়ার ইচ্ছা তার। যদিও ফিটনেস-সংক্রান্ত কারণে কার্লো আনচেলত্তির স্কোয়াডে তার জায়গা পাওয়ার বিষয়টি এখনো অনিশ্চয়তায়।

ক্যাজটিভিকে এক সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘এখন থেকে কী হবে আমি জানি না, আগামী বছর কী হবে তাও জানি না। হতে পারে ডিসেম্বর এলে আমি অবসর নিতে চাইব। এখন আমি বছর ধরে এগোচ্ছি। এই বছরটা সান্তোস এবং ব্রাজিল জাতীয় দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিশ্বকাপ সামনে। তাই আমার জন্যও এটি একটি বড় চ্যালেঞ্জ।’

নেইমার যোগ করেন, ‘আমি চেয়েছিলাম এই মৌসুমে শতভাগ ফিট হয়ে খেলতে, তাই কিছু ম্যাচে নিজেকে বিরত রেখেছি, নিজের একটু বেশি যত্ন নিয়েছি। আমি জানি অনেকেই অনেক বাজে কথা বলে, কিন্তু তারা প্রতিদিন কী ঘটে তা জানে না, পরিস্থিতি কেমন থাকে তাও বোঝে না। সান্তোস খুব ভালো পরিকল্পনা করেছিল, যা আমাকে এ দিক থেকে অনেক সাহায্য করেছে। অবশ্যই আমি আমার দলকে সেরা উপায়ে সাহায্য করার জন্য ফিরতে চেয়েছিলাম, কিন্তু পুরোপুরি সুস্থ, ব্যথামুক্ত, ভয়মুক্ত অবস্থায় ফিরতে একটু অপেক্ষা করেছি। শেষ ম্যাচে আমি খুব ভালোভাবেই ফিরে আসতে পেরেছি।’

ক্যারিয়ারজুড়েই নেইমার ইনজুরিপ্রবণ। সাম্প্রতিক সময়ে একটু বেশিই চোটের সাথে লড়াই করতে হচ্ছে তাকে। নিয়মিত খেলাই হচ্ছে না। ২০২৩ সালে ইনজুরির কারণে প্রায় এক বছর মাঠের বাইরে ছিলেন। সেখান থেকে আল হিলাল অধ্যায় শেষ করে নতুন স্বপ্ন নিয়ে ঘরে ফেরেন ব্রাজিলিয়ান সুপারস্টার, নাম লেখান শৈশবের ক্লাব সান্তোসে।

গত মৌসুমের শেষ ম্যাচে সান্তোসকে অবনমন থেকে বাঁচিয়ে অস্ত্রোপচারের টেবিলে গিয়েছিলেন। সান্তোস সোমবার (১৬ ফেব্রুয়ারি) কাম্পেওনাতো পাউলিস্তার শেষ ষোলোয় ভেলো ক্লাবকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে। এই ম্যাচ দিয়েই ২০২৬ সালে প্রথমবার প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন নেইমার। গোল করতে না পারলেও নামের পাশে একটি অ্যাসিস্ট পেয়েছেন এই ৩৪ বছর বয়সী খেলোয়াড়।

আনচেলত্তি তাকে বিশ্বকাপে নেয়ার আশ্বাস দিয়েছেন, যদি শতভাগ ফিট থাকতে পারেন। ইতালিয়ান কোচের বার্তা পরিষ্কার। ২০২৬ বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিতে নেইমারের কেবল সুস্থ থাকলেই হবে না, ম্যাচ উপোযোগী শতভাগ ফিটনেস থাকতে হবে। খেলতে হবে উচ্চ গতির ফুটবল।