সান্ত্বনার জয়ে বিশ্বকাপ শেষ করল অস্ট্রেলিয়া

ওমানকে হারিয়ে ‘সান্ত্বনা’ নিয়ে দেশে ফিরছে সাবেক চ্যাম্পিয়নরা। পাল্লাকেলেতে শুক্রবার ৯ উইকেটে জিতেছে অস্ট্রেলিয়া। ওমানের দেয়া ১০৫ রানের লক্ষ্য পেরিয়েছে ৯.৪ ওভারেই।

নয়া দিগন্ত অনলাইন
৯ উইকেটে জিতেছে অস্ট্রেলিয়া
৯ উইকেটে জিতেছে অস্ট্রেলিয়া |সংগৃহীত

আগেই সব হারানো অস্ট্রেলিয়ার কিছু হারানোর ছিল না আজ। সুপার এইট থেকে ছিটকে যাওয়ায় ওমানের বিপক্ষে ম্যাচটা ছিল কেবল নিয়ম রক্ষার। আনুষ্ঠানিকতার ম্যাচটায় অবশ্য বড় জয়ই পেয়েছে অজিরা।

ওমানকে হারিয়ে ‘সান্ত্বনা’ নিয়ে দেশে ফিরছে সাবেক চ্যাম্পিয়নরা। পাল্লাকেলেতে শুক্রবার ৯ উইকেটে জিতেছে অস্ট্রেলিয়া। ওমানের দেয়া ১০৫ রানের লক্ষ্য পেরিয়েছে ৯.৪ ওভারেই।

জয়ের সুর বেঁধে দেন বোলাররাই। টসে হেরে আগে ব্যাট করতে নেমে অজি বোলারদের তোপে পড়ে ওমান। ওমানকে বড় স্কোর করার সুযোগ দেননি মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা ও গ্লেন ম্যাক্সওয়েল।

শুরুটা করেন পেসার জেভিয়ার বার্টলেট। শুরুতেই দুই ওপেনারকে ফেরান তিনি। এরপর স্পিনার জাম্পা ও ম্যাক্সওয়েল মিলে নেন ৬ উইকেট। যেখানে ২১ রানে ৪ উইকেট নেন জাম্পা। ২ উইকেট নেন ম্যাক্সওয়েল।

চার উইকেট নেয়া জাম্পা বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকাতে সাকিবের কাছাকাছি চলে এসেছেন। এখন তার উইকেট সংখ্যা ৪৪টি। বাংলাদেশের সাকিব আল হাসানের ৫০টি।

ওমানের হয়ে সর্বোচ্চ রান ছিল ওয়াসিম আলির। ৩৩ বলে ৩২ রান করেন তিনি। হামিদ মির্জা ১৩ বলে ১৬ রান ও ওপেনার জাতিন্দ্রার সিংহের ব্যাট থেকে আসে ১৫ বলে ১৭ রান।

রান তাড়ায় উদ্বোধনী জুটিতে ৪৯ বলে ৯৩ রান তুলেন মিচেল মার্শ ও ট্রাভিস হেড। ১৯ বলে ৩২ রানে হেড ফিরলে জুটি ফাটল ধরে। এরপর জস ইংলিসকে নিয়ে ম্যাচের ইতি টেনে দেন ক্যাপ্টেন মার্শ।

মার্শ শেষ পর্যন্ত ৩৩ বলে ৬৪ রানে অপরাজিত থাকেন। ১২ রান আসে ইংলিসের ব্যাটে।